দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলসহ দেশটির সব আন্তর্জাতিক সীমান্তে কেন্দ্রীয় সরকারের সেনা মোতায়েনের অনুমতি দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। বুধবার দেওয়া এ রায়ের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ জোরদার করতে প্রধানমন্ত্রী আলী আল-জাইদির উদ্যোগে সমর্থন মিলেছে।
মঙ্গলবার কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) পরিচালিত সীমান্ত ক্রসিংগুলোর নিয়ন্ত্রণ নিতে কেন্দ্রীয় কর্তৃপক্ষকে নির্দেশ দেন জাইদি। কুর্দি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকা তেলক্ষেত্রগুলোর কর্তৃত্বও দাবি করেছেন তিনি। রাষ্ট্রায়ত্ত নর্থ অয়েল কোম্পানিতে তেল চোরাচালান নিয়ে তদন্তের পর এসব পদক্ষেপ নেওয়া হয়।
এতে কুর্দি কর্তৃপক্ষের সঙ্গে বাগদাদের উত্তেজনা আরও বেড়েছে। কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠায় জাইদির নেওয়া দুইমুখী উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে এসব পদক্ষেপকে। এর মাত্র এক সপ্তাহ আগে ইরান-সমর্থিত প্রভাবশালী শিয়া সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর সঙ্গেও বিরোধে জড়ান তিনি।
ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত আদালতের এ রায়কে জাইদির জন্য রাজনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। ৪১ বছর বয়সী এই ধনকুবের ব্যবসায়ী ও রাজনীতিতে নবাগত ব্যক্তি মাত্র ছয় মাস আগে সমঝোতার ভিত্তিতে ক্ষমতায় আসেন।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কয়েক দশকের জাতিগত ও সাম্প্রদায়িক সংঘাতের মধ্য দিয়ে ক্ষমতাশালী হয়ে ওঠা বিভিন্ন গোষ্ঠীর স্বার্থে আঘাত হানতে পারে—এমন পদক্ষেপ বাস্তবায়ন করা জাইদির জন্য কঠিন হতে পারে।
লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির উপপরিচালক এবং ইরাক ইনিশিয়েটিভের পরিচালক রেনাদ মানসুর বলেন, জাইদি একটি কেন্দ্রীভূত রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছেন।
তিনি বলেন, ইরাকের বিচার বিভাগ সরকারের এই উদ্যোগকে জোরালোভাবে সমর্থন করছে। কারণ, সরকারের নেওয়া অধিকাংশ পদক্ষেপই আইনি সংজ্ঞার ওপর নির্ভরশীল। দুর্নীতি, অবৈধ কর্মকাণ্ড ও সার্বভৌমত্বের মতো বিষয়গুলো এর সঙ্গে জড়িত। মূলত বিভক্ত রাষ্ট্রে কেন্দ্রীয় কর্তৃত্ব দুর্বল হয়ে পড়ায় সরকারের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের চেষ্টা চলছে।
‘হুমকি’ প্রত্যাখ্যান কুর্দিস্তানের
ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ফেডারেল সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, কুর্দিস্তান অঞ্চলসহ সব সীমান্ত ক্রসিংয়ে পরিচালিত সংস্থাগুলোর তদারকি করতে পারবে কেন্দ্রীয় সরকার। তবে শুল্ক প্রশাসনের ক্ষেত্রে আঞ্চলিক ও প্রাদেশিক সরকারের সঙ্গে সমন্বয় করতে হবে।
আদালত আরও বলেছেন, ফেডারেল তেল মন্ত্রণালয় তেল ও গ্যাসক্ষেত্রগুলোর তদারকি ও নিরীক্ষা করতে পারবে। এসব ক্ষেত্র থেকে উৎপাদিত তেল ও গ্যাস ব্যবস্থাপনায় কেন্দ্রীয় সরকার, আঞ্চলিক সরকার এবং উৎপাদনকারী প্রদেশগুলোর যৌথ দায়িত্ব থাকবে।
জাইদি কুর্দি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকা কিরকুক, নিনেভেহ, দিয়ালা ও সালাহউদ্দিন প্রদেশের তেলক্ষেত্রগুলোর ব্যবস্থাপনার দায়িত্ব নিতে কেন্দ্রীয় তেল মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। এসব প্রদেশ কুর্দিস্তান অঞ্চলের বাইরে হলেও কয়েকটি এলাকায় কুর্দি বাহিনীর কর্তৃত্ব রয়েছে।
বুধবার ইরাকের সামরিক বাহিনীর মুখপাত্রের দেওয়া এক বিবৃতিতে নতুন পদক্ষেপের ঘোষণা এবং ‘সামরিক ভাষা ও হুমকি’ ব্যবহারের প্রতিবাদ জানিয়েছে কুর্দিস্তান আঞ্চলিক সরকার। তারা বলেছে, দুর্নীতি মোকাবিলায় কেন্দ্রীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে তারা। একই সঙ্গে ইরাকজুড়ে তেল চোরাচালান বন্ধের আহ্বান জানিয়েছে কেআরজি। ইরাক বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ এবং যুক্তরাষ্ট্রের মিত্র।
ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা দেশটির সরকারি গোয়েন্দা প্রতিবেদনের বরাতে জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত নর্থ অয়েল কোম্পানির তেল কিরকুক ও কুর্দিস্তানের ভেতরে অবস্থিত সুলায়মানিয়াহ থেকে সরিয়ে ইরানে পাচার করা হচ্ছে। পরে এসব তেল আফগানিস্তানে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
তেল চোরাচালানের অভিযোগকে কেন্দ্র করেই গত সপ্তাহে ইরান-সমর্থিত শিয়া সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর সঙ্গে জাইদির বিরোধের সূত্রপাত হয়।
তিনি বাগদাদের দক্ষিণে ইউফ্রেটিস উপত্যকায় গোষ্ঠীটির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জুরফ আল-সাখার শহরে প্রবেশের জন্য সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দেন। শুরুতে কাতাইব হিজবুল্লাহ এর বিরোধিতা করলেও পরে শিয়া রাজনীতিকদের মধ্যস্থতায় হওয়া সমঝোতার ভিত্তিতে শহরটিতে সেনা প্রবেশের অনুমতি দেয় গোষ্ঠীটি।
সূত্র: রয়টার্স
এমএস/